বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩

সেকশন

 

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেহরানে বিমানবন্দরে আগুন

গণবাণী ডট কম
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১০:৫০:৫৪ | পঠিত: ৮২৬

---

ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলী হামলার জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে, ইসরায়েল এর কিছু প্রতিহত করেছে বলে দাবি করছে। পাশাপাশি তেহরানেও পাল্টা হামলার কথা জানিয়েছে ইসরায়েল।

শনিবার (১৪ জুন) প্রথম প্রহরে উভয় দেশ পরস্পরের বিরুদ্ধে এ হামলা চালিয়েছে।

ইসরায়েলের তেল আবিব ও জেরুসালেমে সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে। তেল আবিবের আকাশে কালো ধোঁয়া দেখা গেছে। তেহরানেও বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

অপরদিকে, মার্কিন প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে শান্ত করার পরিবর্তে, ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে আসার আহ্বান জানিয়েছেন। নইলে আরও ‘ভয়াবহ হামলার’ হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আর, জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এখনই উত্তেজনা প্রশমনের জন্য ইরান ও ইসরায়েলের প্রতি আহবান জানিয়েছেন। ইরানের হামলার নিন্দা জানিয়েছে চীন।

এর আগে, গত শুক্রবার ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনী প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি ও রেভ্যুলেশনারি গার্ড প্রধান কমান্ডার হোসেইন সালামিসহ বেশ কয়েকজন সামরিক কমান্ডার ও অন্তত ছয় জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নুর নিউজ বলছে, ইসরায়েলি হামলায় দেশটিতে ৭৮ জন নিহত ও ৩২৯ জন আহত হওয়ার তথ্যও জানানো হয়েছে।

ইরানে হামলার পরপরই ‘পাল্টা হামলার শঙ্কায়’ ইসরায়েল জরুরি অবস্থা জারি করেছে।

ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ১০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ:

ইসরায়েলকে লক্ষ্য করে দুই দফায় প্রায় ১০০ ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। ইসরায়েলের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রাই এ তথ্য দিয়েছেন।

তবে, সামাজিক মাধ্যম এক্স এ দেয়া পোস্টে তিনি দাবি করেছেন যে ইরানের ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই তারা প্রতিহত করতে সক্ষম হয়েছেন। তিনি এও বলেছেন, “কয়েকটি ভবনে আঘাত হয়েছে। এগুলো প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ”।

তবে, বিভিন্ন স্থানে হামলায় আহত অন্তত ৪০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে একজন মারা গেছে বলে খবর দিচ্ছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েলের হামলার পর তার দেশকে ধৈর্য ধারণের আহবান জানানাে ‘অযৌক্তিক’। তিনিও তার দেশের পক্ষ থেকে ‘দৃঢ়’ জবাব দেয়ার ওপর জোর দিয়েছেন।

আইডিএফ জানিয়েছে, ‘ইরান আবার ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে’ এমন সতর্কতা পাওয়ার পর দেশটির বিভিন্ন জায়গায় অ্যালার্ট বা সতর্কতা দেয়া হচ্ছে।

“হামলা প্রতিহত করতে এবং হুমকি সম্পূর্ণ নির্মূল করতে ‘যা করা দরকার’ সেটিই করা হচ্ছে” বলে তাদের বিবৃতিতে জানানো হয়েছে।

তবে, আরেকটি পোস্টে বলা হয়েছে, সুরক্ষিত এলাকায় আশ্রয় নেয়া লোকজন অন্যত্র যেতে পারে। যদিও তাদের কাছাকাছি থাকারই পরামর্শ দেয়া হয়েছে।

চীন ইরানে হামলার নিন্দা জানিয়েছে:

ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডগত সংহতি লঙ্ঘনের নিন্দা করেছে চীন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘে দেশটির দূত ফু কং এই নিন্দা জানান।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় এর নেতিবাচক প্রতিক্রিয়া নিয়ে বেইজিং মারাত্মক উদ্বিগ্ন বলে তিনি জানিয়েছেন। তিনি বলেছেন, পারমাণবিক জ্বালানির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার ইরানের আছে।

চীন দীর্ঘদিন ধরেই ইরানের গুরুত্বপূর্ণ সহযোগী, বিশেষ করে জ্বালানি ও অবকাঠামো খাতে।

ইরানে ইসরায়েলের হামলা:

ইসরায়েলে ইরানের ক্ষেপনাস্ত্র হামলার পর তেহরান ও ইসফাহানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পাশাপাশি ইরানের রাষ্ট্রায়ত্ত মিডিয়া দাবি করেছে যে, ইরান ইসরায়েলের অন্তত দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যদিও এ দাবির সত্যতা যাচাই করা যায়নি।

ইরানের রাজধানী তেহরানে একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, তেহরানে হামলার জবাবে ইরানও ইসরায়েলে পাল্টা হামলা চালাতে পারে— এমন আশঙ্কা থেকে জেরুজালেমের সুপারশপগুলোয় দ্রুত ফুরিয়ে যাচ্ছে খাদ্য ও পানি।

ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার বরাতে সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের বিভিন্ন অংশে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে। ফুটেজে দেখা যাচ্ছে, শহরের দুইটি স্থান থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। তবে এসব বিস্ফোরণের কারণ সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি।

বার্তা সংস্থা এএফপি তাদের একজন সংবাদদাতাকে উদ্ধৃত করে মেহরাবাদ বিমানবন্দরে আগুন ও ব্যাপক ধোঁয়ার খবর দিয়েছে।

ইরানের মেহর সংবাদ সংস্থা ওই বিমানবন্দরে বিস্ফোরণের তথ্য প্রকাশ করেছে। তবে এই আগুনের কারণ সম্পর্কে এখনো জানা যায়নি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন বার্তা: শেখ হাসিনার প্রত্যর্পণ ত্বরান্বিতকরণ ও পারস্পরিক শ্রদ্ধাবোধে জোর ঢাকার কালীগঞ্জের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার দিল্লিতে শেখ হাসিনাকে প্রেস কনফারেন্সের সুযোগ দেওয়ায় ঢাকার ক্ষোভ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে বিভেদ থাকা উচিত নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টঙ্গির বস্তিতে জিএমপি বিশেষ অভিযান: দেশি-বিদেশি অস্ত্র নগদ টাকা উদ্ধার গ্রেফতার ৩ গাজীপুরে নানা আয়োজনে জুলাই অভ্যুত্থান দিবস পালিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ আজ: দেশব্যাপী নানা কর্মসূচি ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ আজ: দেশব্যাপী নানা কর্মসূচি