![]()
গাজীপুরের কাপাসিয়ায় বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল ৮টায় কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া (বাউনপাড়) বিলের স্থানীয় বন্দে আলী হাজী বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন।
মৃতদের মধ্যে একজন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা (টেপির বাড়ী) গ্রামের নুর আলমের ছেলে মাহিন শেখ (১৬)। অপরজনের নাম বায়েজিদ (৩০)। তার বাড়ী ময়মনসিহংহ জেলায়। তবে, বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে পাঁচ বন্ধু মিলে শাপলা ফুল তুলতে একটি ছোট নৌকা ভাড়া করে পাঁচুয়া বিলে নামেন। শাপলা ফুল তোলার সময় হঠাৎ তাদের নৌকা কাত হয়ে গেলে দুই বন্ধু বিলের পানিতে পড়ে গিয়ে তলিয়ে যান। এসময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে অনেক চেষ্টা করেও তাদের উদ্ধার করলেও ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মাহিনের চাচাতো (বড় ভাই) মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আমার ভাই আর নেই। তার সঙ্গে থাকা আরেকজনও মারা গেছেন।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা: সামিয়া আক্তার জানান, স্থানীয় লোকজন একজনকে হাসপাতালে নিয়ে আসেন, যার মৃত্যু হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, শাপলা ফুল তুলতে একটি ছোট নৌকায় করে বিলে নামেন তারা। একপর্যায়ে নৌকাটি হঠাৎ ভারসাম্য হারিয়ে ডুবে যায়। সাঁতার না জানায় তারা পানির নিচে তলিয়ে যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গাজীপুর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল। দীর্ঘ তল্লাশির পর বিল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেছেন, বিলের পানিতে দুজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। বিলে ডুবে যাওয়া দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মন্তব্য