![]()
গাজীপুর মহানগরীর টঙ্গীতে কেমিক্যাল কারখানার গুদামে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর (অফিসার) খন্দকার জান্নাতুল নাঈম (৩৭) মৃত্যুবরণ করেছেন।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় তিনি রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত ২২ সেপ্টেম্বর গাজীপুর মহানগরীর টঙ্গীর সাহারা মার্কেটে কেমিক্যাল কারখানায় আগুন নেভাতে গিয়ে তিনি দগ্ধ হন। অগ্নিকন্ডে তার শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছিল।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই অগ্নিদুর্ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারজন দগ্ধ হয়েছিলেন, যাদের মধ্যে তিনজন মারা গেছেন। ঘটনার পরদিন ২৩ সেপ্টেম্বর ফায়ার ফাইটার শামীম আহমেদ ও ২৪ সেপ্টেম্বর ফায়ার ফাইটার নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আজ ২৭ সেপ্টেম্বর মারা গেলেন ওয়্যারহাউস ইন্সপেক্টর জান্নাতুল নাঈম।
এ ছাড়া গতকাল শুক্রবার দগ্ধ এক দোকান কর্মচারী আল আমিন হোসেন বাবু (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আল আমিনের বাড়ি কুড়িগ্রামের রৌমারি উপজেলায়। তাঁর বাবার নাম মৃত রতন হাওলাদার। টঙ্গী পূর্ব আরিচপুর এলাকায় থাকতেন আল আমিন।
ওয়্যারহাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম ২৪ আগস্ট ১৯৮৮ সালে শেরপুর জেলার নকলা উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের খন্দকার বাড়িতে জন্মগ্রহণ করেন। মোল্লার টেক উদয়ন বিদ্যালয় থেকে ২০০৪ সালে এসএসসি ও ফুলপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
২০১৬ সালের ২৪ আগস্ট তিনি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন। চাকরি জীবনে স্টেশন অফিসার হিসেবে মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে ওয়্যারহাউস ইন্সপেক্টর হিসেবে চট্টগ্রাম ও সর্বশেষ টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।
তিনি এক সন্তানের জনক। তাঁর বাবা খন্দকার মোজাম্মেল হক ও মাতা দেলোয়ারা বেগম।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নি দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ মিশনে সর্বদা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। দায়িত্ব পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৫১ জন ফায়ার সার্ভিসের বীর সদস্য আত্মত্যাগ করেছেন। সর্বশেষ এই গৌরবময় আত্মত্যাগের মিছিলে যোগ হলো খন্দকার জান্নাতুল নাঈমের নাম।
মন্তব্য