গাজীপুরের শ্রীপুরে নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানায় মঙ্গলবার অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় পরিবেশষ সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা ও কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, শ্রীপুর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গাজীপুর জেলা প্রশাসন পরিবেশ দূষণ রোধে এবং দূষণকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিনের নির্দেশনা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুনের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ সাইফুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দেখা যায়, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন তেলিহাটি ইউনিয়নের তালতলী এলাকায় মায়া এন্টারপ্রাইজ নামক একটি কারখানায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন করা হয়। এ সময় পলিথিন উৎপাদনের কাঁচামাল প্লাস্টিকের ১৫০ কেজি দানা এবং উৎপাদিত ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে জব্দ করা হয়। পরে এই অবৈধ কাজের সাথে জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলাম নামের একজনকে আটক করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক/১৫(১) ধারা অনুযায়ী এক লক্ষ টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। ভবিষ্যতে আর এই নিষিদ্ধ পলিথিন উৎপাদন করবে না মর্মে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। এছাড়া কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
![]()
তিনি আরো জানান, এই কারখানাটিতে যাতে ভবিষ্যতে আর পলিথিন উৎপাদন করতে না পারে, তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য গাজীপুরের পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালককে অনুরোধ জানানো হয়।
অভিযানের সময় আরো উপস্থিত ছিলেন, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রাকিবুল হাসান। অভিযানে স্থানীয় পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করে।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন জানান, পরিবেশ দূষণ রোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য