![]()
গাজীপুর মহানগরীর শিমুলতলীতে অননুমোদিত মেলায় মঙ্গলবার বেলা সাড়ে ৫টার দিকে চলন্ত নাগরদোলা হেলে পড়ে বেশ কয়েকজন আরোহী আহত হয়েছেন। পরে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয়রা জানায়, গাজীপুরের বিভিন্ন এলাকায় গত কিছুদিন ধরে নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে বিভিন্ন মেলার আয়োজন করা হচ্ছে। কয়েকটি মেলা অবৈধ হওয়ায় জেলা প্রশাসন, মহানগর পুলিশ ও জেলা পুলিশ অভিযান চালিয়ে বন্ধ করে দিয়েছে। সর্বশেষ মহানগরীর শিমুলতলী এলাকায় সেনানিবাসের কাছে বিএমটিএফ লিমিটেড আর্মি ফার্মা ফ্যাক্টরির জন্য নির্ধারিত স্থানে আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার আয়োজন করা হয়। এই মেলাতের শুরু থেকেই মেলা চত্বরে নাগরদোলা চলছিল। মঙ্গলবার (৩০ সেপ্টম্বর) বিকেল ৫টার দিকে নাগরদোলায় চড়েন ২৫-৩০ জন দর্শনার্থী। হঠাৎ চলন্ত নাগরদোলা হেলে পড়ে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। মেলাটি আয়োজনের জন্য গাজীপুর জেলা প্রশাসন বা মহানগর পুলিশের কাছ থেকে কোন প্রকার অনুমতি নেয়া হয়নি।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঘটনার পরপরই কড়া নিরাপত্তায় আহতদের উদ্ধার করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে মেলা কর্তৃপক্ষ। এ সময় ছবি তুলতে চাইলে সাংবাদিকদেরও বাধা দেয়া হয়।
![]()
খবর পাওয়ার পর জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আব্দুস ছামাদের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনের পর তিনি বলেন, মাঠের নিচে বালু থাকায় তা ডেবে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। সাধারণত বালুর ওপর এতো বড় নাগরদোলা বসানোর নিয়ম নেই। তবে কর্তৃপক্ষ কার অনুমতি নিয়ে এমন ঝুঁকিপূর্ণ এলাকায় নাগরদোলা বসিয়েছে তা তাদের জিজ্ঞেস করা উচিত।
এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, মেলার অনুমতির জন্য আমাদের কাছে কেউ আবেদন করেনি। তাই আমরা কোনো অনুমতি দেইনি।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন বলেন, জেলা প্রশাসকের নিকট কেউ কোন আবেদন করেনি, তাই মেলা আয়োজনের অনুমতি দেয়ার প্রশ্ন অবান্তর।
গাজীপুর জেলার প্রশাসনেরর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, মেলা পরিপত্র ২০২৪ অনুযায়ী জেলা ও মহানগর এলাকায় এক মাসের জন্য মেলার অনুমতি দিতে পারেন জেলা প্রশাসক। কিন্তু এ মেলা আয়োজনের জন্য অনুমতির চেয়ে জেলা প্রশাসক বরাবর কোনো আবেদই করেনি কর্তৃপক্ষ। তারা একটি অবহিতকরণ চিঠি দিয়েছে। চিঠি পাওয়ার পর অননুমোদিত মেলা বন্ধ করার জন্য আমরা মহানগর পুলিশকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছি।
তিনি আরো জানান, মেলার বিষয়ে পার্শ্ববর্তী ডুয়েটের শিক্ষার্থীরাও আপত্তি জানিয়ে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছে।
এ বিষয়ে মেলা আয়োজকদের একজন মাহমুদ দাবী করেন, মেলার অনুমতি দিয়েছে সেনাবাহিনী। যদিও গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ডের নির্বাহী কর্মকর্তা আবুজর গিফারী সাংবাদিকদের বলেছেন, আমাদেরকে শুধুমাত্র জানানো হয়েছিল। তবে আমরা মেলার কোনো অনুমতি দেইনি।
![]()
অনুসন্ধানে জানা যায়, গত ২৭ আগস্ট বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির পক্ষে একটি একটি অবহিতকরণ চিঠি বিতরণ করা হয়। চিঠির বিষয়ে উল্লেখ করা হয়েছে বিএনপিএফ লিমিটেড আর্মি ফার্ম্মা ফ্যাক্টরি নির্ধারিত ফাকা স্থানে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার আয়োজন প্রসঙ্গে।
কয়েকটি ভূলসহ চিঠিতে ক্রমিক নাম্বার উল্লেখ করা হয়েছে, ১। আবহমান বাংলার চিরচারিত ঐতিহ্য কৃষ্টি-কালচার, শিল্প ও সংস্কৃতির সাথে পরিচিতির লক্ষ্যে বিএমটিএফ লিমিটেড আর্মি ফার্মা ফ্যাক্টরীর নির্ধারিত ফাঁকা মাঠে আগামী ০১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ হতে ৩১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বেনারশী ইভেন্ট ম্যানেজমেন্ট এর স্বত্বাধিকারীঃ জনাব মোঃ বাদল মিয়া কর্তৃক “ক্ষুদ্র ও কুটির শিল্প” মেলার আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
২। উল্লেখ্য, উক্ত মেলায় বাংলাদেশের বিভিন্ন জেলা হতে ক্ষুদ্র ও কুটির শিল্পের স্টল নির্মাণের পাশাপাশি বিএমটিএফ লিমিটেড এর উৎপাদিত পণ্য সামগ্রী সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রচার ও প্রসারের উদ্দেশ্যে অত্র প্রতিষ্ঠান কর্তৃক ষ্টল নির্মাণ করা হবে। উল্লেখ্য, মেলাটি অত্যন্ত আকর্ষনীয়, রুচিশীল ও সকল ধরণের অনৈতিক প্রদর্শনী চর্চা থেকে মুক্ত থাকবে, যা পরিবারের * সকল সদস্যদের জন্য উন্মুক্ত করা হবে।
৩। উল্লেখিত মেলা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের নিমিত্তে আপনাদের ঐকান্তিক সহযোগীতা একান্তভাবে কাম্য।
81 বিষয়টি আপনাদের অবগতি ও পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করা হলো।
এই চিঠিটি বিতরণ করা হয়, গাজীপুরের জেলা প্রশাসক, মহানগর পুলিশ কমিশনার, গাজীপুর সিটি কর্পোরেশন (কোন কর্মকর্তার নাম বা পদবী উল্লেখ করা হয়নি), গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ডের নির্বাহী কর্মকর্তা ও জয়দেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (যদিও এই নামে কোন সরকারী সংষ্থা নাই)।
![]()
এই চিঠিতে মেলা আয়োজনের জন্য কোন কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে কিনা এ ধরনের কোন বিষয়ের উল্লেখ নেই।
চিঠিতে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড, গাজীপুর সেনানিবাসের পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মোঃ হুমায়ুন রাশেদ (কর্নেল) স্বাক্ষর করেছেন।
পরে গত ২০১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় মেলাটি উদ্বোধন করা হয়। এ সংক্রান্ত একটি দাওয়াত পত্রে দেখা যায়, এতে প্রধান অতিথি ছিলেন বিএমটিএফ লিমিটেড এর অতিরিক্ত পরিচালক (প্রশাসন) কর্নেল মোঃ হুমায়ন রাশেদ পিএসসি।
এই মেলার বিষয়ে আপত্তি জানিয়ে ডুয়েট সচেতন শিক্ষার্থীদের পক্ষ থেকে গত ২১ সেপ্টেম্বর গাজীপুর জেলা প্রশাসক বরাবরের একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বিএনপিএফ আর্মি ফার্মা মাঠে অনুষ্ঠিত মেলায় শিক্ষার্থীদের ভোগান্তি প্রসঙ্গে ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়। আবেদনে চারটি সমস্যার কথা তুলে ধরে চার দফা দাবি উপস্থাপন করা হয়।
মন্তব্য