![]()
গাজীপুরের কালীগঞ্জে ড্রাম ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক দম্পতি। শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল আঞ্চলিাক সড়কের কালীগঞ্জ পৌর এলাকার দেওপাড়া চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলাউদ্দিন দূর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, নরসিংদীর মনোহরদীর দশদোনা এলাকার নুরুল হকের ছেলে অলিউল্লাহ (৪০), ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পাগলীপুর এলাকার মৃত শুক্কুর মাহমুদের ছেলে আবু তালেব (২৭) এবং সিরাজগঞ্জের হাফিজুর রহমানের ছেলে তামিম (৪)।
আহতরা হলেন, নিহত তামিমের বাবা সিরাজগঞ্জের হাফিজুর রহমান (৪০) ও মা ছালমা বেগম (৩৫)। এ দম্পতি গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর থেকে সিএনজি অটোরিকশায় করে কালীগঞ্জ হয়ে নরসিংদী যাচ্ছিলেন।
স্থানীয়রা জানায়, ৫ জন যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর থেকে করে কালীগঞ্জ হয়ে নরসিংদীর দিকে যাচ্ছিল। পথে সিএনজি অটোরিকশাটি কালীগঞ্জ পৌর এলাকার দেওপাড়া চত্বরে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ড্রাম ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চার বছরের শিশু তামিম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে আহত দম্পতিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল মিয়া জানান, ঘোড়াশালের দিক থেকে আসা ইটের শুরকি ভর্তি একটি ড্রাম ট্রাক নরসিংদীগামী যাত্রীবাহী একটি অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান। আহত এক শিশুটি জেলার শ্রীপুরের প্রাইভেট একটি হাসপাতালে নেয়ার পর সেখানে মারা যায়।
কালীগঞ্জ থানার ওসি জানান, দুর্ঘটনা কবলিত ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য