শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০ ফাল্গুন ১৪৩২

সেকশন

 

দেশে প্রথমবারের মতো ইলেকট্রিক মোটরসাইকেল বাজারজাতকরণ কার্যক্রম উদ্বোধন

গণবাণী ডট কম
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ১৪:১৫:৩৯ | পঠিত: ২৭৭

---

বাংলাদেশে প্রথমবারের মতো দেশীয়ভাবে তৈরি পরিবেশবান্ধব ইলেকট্রিক মোটরসাইকেল বাজারজাত শুরু করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল)। বুধবার (৫ নভেম্বর) টঙ্গীতে এটলাস বাংলাদেশের কারখানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প সচিব মো. ওবায়দুর রহমান এবং বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) এর চেয়ারম্যান মো. আনোয়ারুল আলম (অতিরিক্ত সচিব)। এসময় বিএসইসি ও এবিএল-এর পরিচালক, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক এবং ডিলারবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বর্তমান সরকার গ্রিন মবিলিটি বা পরিবেশবান্ধব যানবাহন ব্যবস্থার বিকাশে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। এটলাস বাংলাদেশের এই উদ্যোগ ইলেকট্রিক ভেহিকেল সংক্রান্ত জাতীয় নীতির বাস্তবায়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি কার্বন নিঃসরণ হ্রাস, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক পরিবহন পৌঁছে দেবে।

শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেন, ‘এটলাস ইভি’ বাজারে আসার মাধ্যমে দেশীয় ক্রেতারা সাশ্রয়ী মূল্যে উন্নতমানের ও নির্ভরযোগ্য ইলেকট্রিক মোটরসাইকেল পাবেন। এবিএল-এর এই উদ্যোগ দেশের প্রযুক্তিনির্ভর উৎপাদনশিল্পকে আরও এগিয়ে নেবে এবং একটি শক্তিশালী ইলেকট্রিক ভেহিকেল ইকোসিস্টেম গড়ে তুলবে।

এটলাস কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের মে মাসে চীনের স্বনামধন্য প্রতিষ্ঠান ঝেজিয়াং লুয়ান ইলেকট্রিক ভেহিকেল কোং লিমিটেড-এর সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (MoU) বাস্তবায়নের অংশ হিসেবে এই ইলেকট্রিক মোটরসাইকেল বাজারে আনা হয়েছে।

‘এটলাস ইভি’বর্তমানে চারটি মডেলে বাজারে পাওয়া যাচ্ছে, বাংলাদেশের আবহাওয়া ও রাস্তার অবস্থা বিবেচনা করে বিশেষভাবে ডিজাইন করা এই মোটরসাইকেলগুলোর প্রধান বৈশিষ্ট্যগুলো হলো:

লিকুইড-কুলিং মোটর: প্রথমবারের মতো প্রতিটি মডেলে লিকুইড-কুলিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘস্থায়িত্ব ও সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করবে।

গ্রাফিন ব্যাটারি প্রযুক্তি: একবার পূর্ণ চার্জে বিদ্যুৎ খরচ হবে প্রায় ১৫ টাকা; এতে S-100 মডেল দিয়ে ১০০-১২০ কিলোমিটার চলা সম্ভব।

আধুনিক নিরাপত্তা: প্রতিটি মোটরসাইকেলে রয়েছে এনএফসি (NFC) অ্যান্টি-থেফট সিস্টেম।

---

টেকসই নির্মাণ: রয়েছে রেডিয়াল অ্যান্টি-পাংচার টায়ার ও ওয়াটার রেজিস্ট্যান্স সুবিধা, যা বর্ষায়ও নিশ্চিন্ত রাইডিং নিশ্চিত করে।

এটলাস বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আজিবর রহমান বলেন, আমরা আন্তর্জাতিক মানসম্পন্ন চারটি আকর্ষণীয় মডেল দিয়ে যাত্রা শুরু করেছি। উদ্বোধনী অনুষ্ঠানেই ১২০টি ইলেকট্রিক মোটরসাইকেল বিক্রি হয়েছে। অচিরেই দেশব্যাপী ডিলার আউটলেটে ‘এটলাস ইভি’পাওয়া যাবে।

তিনি আরও বলেন, “‘এটলাস ইভি’-এর আধুনিক ফিচার ও সাশ্রয়ী মূল্য দেশের ক্রেতাদের প্রত্যাশা পূরণ করবে বলে আমরা বিশ্বাস করি।”

উল্লেখ্য, ‘এটলাস ইভি’-এর এই উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশে সরকারি পর্যায়ে তৈরি প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল বাজারজাতের নতুন দিগন্ত উন্মোচিত হলো।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   জনগণের কল্যাণ ও দেশ গড়ার দায়িত্ব এখন বিএনপির ওপর: নজরুল ইসলাম খান তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নির্বাচনে ৫৯.৪৪ শতাংশ ভোট পড়েছে: ইসি দেশের নির্বাচনের ইতিহাসে একটি ভালো নির্বাচন হয়েছে : সিইসি দুই দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় ফিরছে বিএনপি গাজীপুরে ৪টিতে বিএনপি, একটিতে জামায়াত বিজয়ী গাজীপুরে নির্বাচনি নিরাপত্তায় ১৮ হাজার ৫০০ সদস্য মোতায়েন: রিটার্নিং কর্মকর্তা গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ ভোটকেন্দ্র পর্যবেক্ষণে গাজীপুরে ‘সেন্ট্রাল মনিটরিং সেল’ স্থাপন