শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০ ফাল্গুন ১৪৩২

সেকশন

 

দেশের খেটে খাওয়া মানুষের জন্য একমাত্র বিএনপিই কাজ করেছে : তারেক রহমান

গণবাণী ডট কম
প্রকাশ: ২৮ জানুয়ারী ২০২৬, ০১:২৩:২২ | পঠিত: ১১৮

---

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়নে বিএনপিই একমাত্র রাজনৈতিক দল যারা কার্যকর ভূমিকা পালন করেছে। তিনি ঘোষণা দেন, আগামী ১২ তারিখের নির্বাচনে বিএনপি জয়ী হলে নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ প্রবর্তন করা হবে, যা দেশের গ্রামীণ অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে।

মঙ্গলবার রাত ১২টায় গাজীপুর মহানগরীর ঐতিহাসিক রাজবাড়ী ময়দানে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার শাসনামলের কথা স্মরণ করে বলেন, “বিএনপি ক্ষমতায় থাকাকালে নারী শিক্ষাকে উৎসাহিত করতে একাদশ শ্রেণি পর্যন্ত পড়ালেখা অবৈতনিক করা হয়েছিল।” তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে পোশাক শিল্পের ভিত্তি স্থাপন করেছিলেন। গাজীপুরকে বর্তমান পোশাক শিল্পের রাজধানী উল্লেখ করে তিনি প্রতিশ্রুতি দেন, আগামীতে এই শিল্পকে আরও বিস্তৃত করে নারীদের কর্মসংস্থান বৃদ্ধি এবং নারী শ্রমিকদের সন্তানদের জন্য আধুনিক ‘ডে কেয়ার সেন্টার’ স্থাপন করা হবে।

গাজীপুরের সাথে নিজের নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, “এখানে আমার শৈশবের অনেক স্মৃতি। গাজীপুর রাজবাড়ীর দক্ষিণপাশে একটি বাসায় বাবা, মা ও ছোট ভাইয়ের সাথে আমি বড় হয়েছি। এই মাঠে খেলেছি, ঘুরে বেড়িয়েছি। তাই গাজীপুরের মানুষের ওপর আমার আলাদা অধিকার রয়েছে।” পরে তিনি সেই দাবী নিয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে ধানের শীষে ভোট দেওয়ার জোরালো আহ্বান জানান। এসময় জনসভায় তিনি গাজীপুরের ৫টি সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা তাহাজ্জুদ নামাজ পড়ে ভোটকেন্দ্রে যাবেন এবং ফজরের নামাজ ভোট কেন্দ্রে জামাতে আদায় করে লাইনে দাঁড়িয়ে যাবেন। লক্ষ্য রাখবেন, আপনাদের আগে যেন অন্য কেউ কেন্দ্রে ঢুকতে না পারে। ভোট শুরু হলেই সবাই মিলে ধানের শীষে ভোট দেবেন।”

গাজীপুরের যানজট সমস্যা সমাধানে তারেক রহমান প্রতিশ্রুতি দেন যে, বিএনপি ক্ষমতায় এলে সর্বপ্রথম জয়দেবপুর রেলগেট এলাকায় একটি ফ্লাইওভার বা উড়াল সড়ক নির্মাণ করা হবে। এছাড়া তুরাগ, চিলাই ও শালদহ নদী খনন করে পানির প্রবাহ বৃদ্ধি এবং নদীগুলোকে দূষণমুক্ত করার বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে।

মঙ্গলবার দুপুর থেকেই রাজবাড়ী ময়দান ছাড়িয়ে পার্শ্ববর্তী শিববাড়ী মোড়, রথখোলা, আদালত এলাকা এবং শহীদ বরকত স্টেডিয়াম পর্যন্ত জনসমুদ্রে পরিণত হয়। ময়মনসিংহের জনসভা শেষ করে রাত ১১টা ৪৫ মিনিটে তারেক রহমান তার স্ত্রী জোবাইদা রহমানকে সাথে নিয়ে রাজবাড়ী ময়দানে মঞ্চে পৌঁছালে হাজার হাজার নেতাকর্মী তাঁকে স্বাগত জানান।

উল্লেখ্য, দীর্ঘ ২০ বছর ৯ মাস ২৮ দিন পর তারেক রহমান গাজীপুরের কোনো জনসভায় সশরীরে উপস্থিত হলেন।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, সহসাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, গাজীপুর-৫ আসনের বিএনপির প্রার্থী একেএম ফজলুল হক মিলন, গাজীপুর-৩ আসনের প্রার্থী ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-১ আসনের প্রার্থী মেয়র মজিবুর রহমান খান, গাজীপুর-২ আসনের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৪ আসনের প্রার্থী শাহ রিয়াজুল হান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ ব্ক্তব্য রাখেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   জনগণের কল্যাণ ও দেশ গড়ার দায়িত্ব এখন বিএনপির ওপর: নজরুল ইসলাম খান তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নির্বাচনে ৫৯.৪৪ শতাংশ ভোট পড়েছে: ইসি দেশের নির্বাচনের ইতিহাসে একটি ভালো নির্বাচন হয়েছে : সিইসি দুই দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় ফিরছে বিএনপি গাজীপুরে ৪টিতে বিএনপি, একটিতে জামায়াত বিজয়ী গাজীপুরে নির্বাচনি নিরাপত্তায় ১৮ হাজার ৫০০ সদস্য মোতায়েন: রিটার্নিং কর্মকর্তা গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ ভোটকেন্দ্র পর্যবেক্ষণে গাজীপুরে ‘সেন্ট্রাল মনিটরিং সেল’ স্থাপন