![]()
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গাজীপুর জেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) হতে ১৪ প্লাটুন বিজিবি সদস্য জেলার ৫টি বেইজ ক্যাম্পে মোতায়েন করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলায় তারা টহল কার্যক্রম শুরু করেছেন।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহরিয়ার নজির জানান, নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই অংশ হিসাবে আজ সকাল থেকে ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গাজীপুর সদর, টঙ্গী, কালীগঞ্জ, কালিয়াকৈর ও কাপাসিয়া উপজেলাসহ গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিজিবির টহল জোরদার করা হয়েছে। তফসিল ঘোষণার পর থেকেই সেনাবাহিনী মাঠে রয়েছে; শুক্রবার থেকে তাদের সাথে যুক্ত হয়ে ১৪ প্লাটুন বিজিবি সদস্য জেলা শহরসহ ৫টি উপজেলায় দায়িত্ব পালন করছেন। তার মধ্যে কালিয়াকৈর এলাকার জন্য ২ প্লাটুন, কালিয়াকৈর সরকারী কলেজ অবস্থান করবে, টঙ্গী এলাকার জন্য ৩ প্লাটুন শিল্প সম্পর্ক শিক্ষায়তনে অবস্থান করবে, ব্যাটালিয়ন সদর ( রাজেন্দ্রপুর) এ ৪ প্লাটুন, কাপাসিয়া উপজেলার জন্য ২ প্লাটুন কাপাসিয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজে অবস্থান এবং কালীগঞ্জ এলাকার জন্য ৩ প্লাটুন বিজিবি কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণে অবস্থান নিয়ে দায়িত্ব পালন করবে।
সূত্র জানায়, জেলার গুরুত্বপূর্ণ স্থান যেমন, নির্বাচন অফিস, সংবেদনশীল কেন্দ্র এবং জনসমাগমপূর্ণ এলাকায় নিয়মিত টহল ও চেকপোস্ট পরিচালনা করা হবে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে আরও অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হতে পারে। সাধারণ ভোটারদের নিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে এই কার্যক্রম নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন জানান, নিরাপত্তার কোনো বিশেষ শঙ্কা থেকে নয়, বরং নিয়মিত নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবেই বিজিবি সদস্যদের নামানো হয়েছে। তারা পুলিশ, র্যা ব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।
মন্তব্য