শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০ ফাল্গুন ১৪৩২

সেকশন

 

গাজীপুরে প্রার্থীকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

গণবাণী ডট কম
প্রকাশ: ১ ফেব্রুয়ারী ২০২৬, ২১:২২:২৯ | পঠিত: ৬২

---

গাজীপুর-২ সংসদীয় আসনে ১১ দলীয় জোটের (এনসিপি)‘র শাপলা কলি প্রতীকের প্রার্থী অ্যাড. আলী নাছের খানকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর নির্বাচনী শোভাযাত্রায় বাধা দেওয়ারও অভিযোগ করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে জোটের নির্বাচন পরিচালনা কমিটি। এ নিয়ে তারা একটি সংবাদ সম্মেলনও করেছে।

লিখিত অভিযোগ ও সংবাদ সম্মেলনে বলা হয়, শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় শাপলা কলি প্রতীকের সমর্থনে আয়োজিত একটি নির্বাচনী শোভাযাত্রা গাজীপুর মহানগরীর পোড়াবাড়ী এলাকায় পৌঁছালে ধানের শীষ প্রতীকের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির প্রচারণায় ব্যবহৃত একটি অটোরিকশা শোভাযাত্রার গতিরোধ করে। এ সময় উচ্চস্বরে মাইক বাজিয়ে উস্কানিমূলক পরিস্থিতি সৃষ্টি করা হয়। বিষয়টি শান্তভাবে সমাধানের জন্য জোটের নেতাকর্মীরা অনুরোধ জানালেও পরিস্থিতির অবনতি ঘটে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, পরিস্থিতি এড়াতে শোভাযাত্রাটি রাস্তার পূর্ব পাশ দিয়ে পোড়াবাড়ী বাজারের দিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে একটি প্রাইভেট কার দিয়ে প্রার্থী অ্যাডভোকেট আলী নাছের খানকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়। অভিযোগ অনুযায়ী, ধানের শীষের স্টিকারযুক্ত ওই গাড়িটি ব্যবহার করা হয় ২১ নম্বর ওয়ার্ড যুবদল কর্মী সুমন সরকার এবং নিজেকে প্রার্থীর চাচা পরিচয়দানকারী এক ব্যক্তির নেতৃত্বে।

এ ঘটনায় প্রার্থী অল্পের জন্য রক্ষা পেলেও এনসিপির জেলা সদস্য সচিব খন্দকার আল আমিন গুরুতর আহত হন বলে অভিযোগে দাবি করা হয়েছে।

এ বিষয়ে সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, “এনসিপির প্রার্থী আলী নাছের খানের নিরাপত্তার জন্য একটি প্রটেকশন পার্টি সব সময় তাঁর সঙ্গে রয়েছে। ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার জানান, “প্রার্থীর নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গেই অ্যাডভোকেট আলী নাছের খানের জন্য একজন গানম্যান নিয়োগ দেওয়া হয়েছে।”

এ বিষয়ে গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি অভিযোগ অস্বীকার করে বলেন, “যে ঘটনার কথা বলা হচ্ছে, সেটি সম্পূর্ণ সাজানো। প্রচারের উদ্দেশ্যেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। অভিযোগে যে সময় ও স্থানের কথা বলা হয়েছে, সেখানে আমার দলের কোনো নেতাকর্মী উপস্থিত ছিলেন না। এটি আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও ষড়যন্ত্র।”

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   জনগণের কল্যাণ ও দেশ গড়ার দায়িত্ব এখন বিএনপির ওপর: নজরুল ইসলাম খান তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নির্বাচনে ৫৯.৪৪ শতাংশ ভোট পড়েছে: ইসি দেশের নির্বাচনের ইতিহাসে একটি ভালো নির্বাচন হয়েছে : সিইসি দুই দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় ফিরছে বিএনপি গাজীপুরে ৪টিতে বিএনপি, একটিতে জামায়াত বিজয়ী গাজীপুরে নির্বাচনি নিরাপত্তায় ১৮ হাজার ৫০০ সদস্য মোতায়েন: রিটার্নিং কর্মকর্তা গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ ভোটকেন্দ্র পর্যবেক্ষণে গাজীপুরে ‘সেন্ট্রাল মনিটরিং সেল’ স্থাপন