![]()
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে বিশাল নির্বাচনী জনসভার ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ২টায় অনুষ্ঠিতব্য এই জনসভাকে সফল করতে সোমবার (২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে মহানগর জামায়াত।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও ১১ দলীয় জোটের শীর্ষ নেতা ডা. শফিকুর রহমান। গাজীপুর মহানগর জামায়াতের আমীর ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে এই সমাবেশে জোটের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ডা. শফিকুর রহমানের এই আগমন শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং গাজীপুরবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। জনসভায় দেশ ও জাতির চলমান সংকট, ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা, সুশাসন, ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করা হবে। বক্তারা সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, এই জনসভার বক্তব্য ও বার্তা বস্তুনিষ্ঠভাবে জাতির সামনে তুলে ধরতে।
গাজীপুরবাসীর উদ্দেশে সংবাদ সম্মেলনে বলা হয়, দীর্ঘদিন পর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় মানুষ মুখিয়ে আছে। এই জনসভা সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাবে। সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে জনসভাকে সফল করার আহ্বান জানানো হয়। একইসঙ্গে প্রশাসনের দায়িত্বশীল মহলের প্রতি জনসভায় আগত নেতৃবৃন্দ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহযোগিতার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক জামাল উদ্দিন। উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল হাকিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুক, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আজহারুল ইসলাম মোল্লা, গাজীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল মুস্তাফিজুর রহমান খান, ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর সভাপতি রেজাউল ইসলাম, গাজীপুর জেলা সভাপতি ইয়াসিন আরাফাত, গাছা থানা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার মিয়াজ উদ্দিন, গাজীপুর মেট্রো সদর থানা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মোঃ ছাদেকুজ্জামান খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মন্তব্য