![]()
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্টের পরবর্তী সময়ে একটি বিশেষ রাজনৈতিক দল নারীদের তুচ্ছতাচ্ছিল্য করছে এবং তাদের ঘরে বন্দি রাখার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, যারা এনআইডি ও বিকাশ নম্বর নিয়ে মা-বোনদের ‘অসৎ প্রস্তাব’ দেয়, তারা কীভাবে দেশে সৎ লোকের শাসন কায়েম করবে?
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত বিএনপির এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিপক্ষের এক নেতার সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে তারেক রহমান বলেন, “একটি দলের প্রধান বিদেশি মিডিয়ায় নারী অধিকার নিয়ে বড় বড় কথা বললেও তার আগের দিনই কর্মজীবী নারীদের নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন। যখন এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া শুরু হলো, তখন তারা দাবি করল অ্যাকাউন্ট নাকি হ্যাক হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা কথা। মূলত নিজেদের রক্ষা করতেই তারা মিথ্যার আশ্রয় নিচ্ছে।” তিনি সচেতন হওয়ার তাগিদ দিয়ে বলেন, যারা প্রকাশ্যে এমন মিথ্যাচার করে, তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না।
নির্বাচন প্রসঙ্গে নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, বিগত সরকারের আমলের ‘আমি-ডামি’ কিংবা ‘নিশিরাতের’ ভোটের মতো করে আবারো নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। ভোট গণনার সময় কেউ সুযোগ নিতে চাইলে তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে জয়যুক্ত করতে সবাইকে কেন্দ্র পাহারার নির্দেশ দেন তিনি।
জনসভায় তারেক রহমান যশোরের উন্নয়ন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেন:
• কৃষি ও সেচ: যশোরের উলাসী খালসহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে ‘জিকে প্রকল্প’ পুনরায় চালু করা হবে।
• ধর্মীয় সম্মাননা: বিএনপি সরকার গঠন করলে মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের পুরোহিতদের রাষ্ট্রীয়ভাবে সম্মানি দেওয়া হবে।
• নারী উন্নয়ন: খালেদা জিয়ার সরকারের ধারাবাহিকতায় নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে।
• রপ্তানি বাণিজ্য: যশোরের ঐতিহ্যবাহী ফুল চাষকে গুরুত্ব দিয়ে গার্মেন্টস পণ্যের মতো বিদেশে ফুল রপ্তানির ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিকেল ২টা ৩৯ মিনিটে শুরু হওয়া প্রায় ৩৩ মিনিটের এই বক্তব্যে তারেক রহমান দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বিভিন্ন ‘ষড়যন্ত্র ও মিথ্যাচার’ বিষয়ে দেশবাসীকে সতর্ক করেন।
মন্তব্য