![]()
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, দোলনা থেকে কবর পর্যন্ত-মানুষের প্রতিটি পদক্ষেপে পুলিশের প্রয়োজন। ফ্যাসিবাদের সময়কার বিতর্কিত ভূমিকা কাটিয়ে পুলিশ এখন জনবান্ধব বাহিনী হিসেবে ঘুরে দাঁড়িয়েছে। এই ধারা অব্যাহত রাখতে সাধারণ মানুষের সহযোগিতা একান্ত কাম্য।
শনিবার (১৪ মার্চ) বিকেলে গাজীপুর জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, একটি ঐতিহাসিক ও চমৎকার নির্বাচনের মাধ্যমে দেশে সর্বজন গ্রহণযোগ্য ও বিশ্বস্ত সরকার গঠিত হয়েছে। তবে এই অর্জনকে ম্লান করতে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাতে পারে। এ বিষয়ে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
থানায় আগত বিচারপ্রার্থীদের সেবার মান বাড়াতে কঠোর নির্দেশনা দিয়ে আইজিপি বলেন, কোনো বিচারপ্রার্থী যেন থানা থেকে অসন্তুষ্ট হয়ে ফিরে না যান। পুলিশকে আরও পেশাদার মনোভাব নিয়ে কাজ করতে হবে।
মাদকের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, মাদক তরুণ সমাজকে ধ্বংস করছে এবং দেশের ভবিষ্যৎ নেতৃত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মে অতিরিক্ত আসক্তির ফলে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে উল্লেখ করে তিনি অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন।
শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ে আইজিপি বলেন, ৯৯ ভাগ শ্রমিকই নিরীহ, তারা শান্তিপূর্ণভাবে কাজ করতে চান। কিন্তু মাত্র ১ ভাগ উস্কানিদাতার কারণে অস্থিরতা তৈরি হয়। এসব উস্কানিদাতাদের চিহ্নিত করতে পারলে শিল্পখাতে স্থিতিশীলতা ফিরবে। এছাড়া যানজট নিরসনে অবৈধ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এসময় তিনি বলেন, আসন্ন ঈদযাত্রা সকলের সম্মিলিত চেষ্টায় স্বস্তিদায়ক হবে। এজন্য পুলিশ বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে কাজ করছে।
![]()
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। কোনো রাজনৈতিক নেতাকর্মী মাদক বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না।” আসন্ন ঈদে মানুষের ঘরমুখী যাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
গাজীপুর মহানগর পুলিশ আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার। এছাড়া আরও বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর পুলিশ আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার। আরো বক্তব্য রাখেন, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান, জেলা পুলিশ সুপার মো: শরিফ উদ্দিন, গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহমদ হোসেন ভূঞাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সূধীবৃন্দ।
মন্তব্য