![]()
গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের বাধা দিতে গিয়ে শ্বাসরোধে খুনের শিকার হয়েছেন আছমা আক্তার (৫৫) নামে এক গৃহবধূ।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে পিরুজালী মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় ডাকাতেরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে আজ বুধবার ( ৮ এপ্রিল) সকালে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত আছমা আক্তার ওই গ্রামের আনিছুর রহমানের স্ত্রী। আনিছুর রহমান স্থানীয় একটি কারখানায় এবং তাঁর ছেলে নাজমুল সাকিব পিরুজালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে নৈশপ্রহরীর কাজ করেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে ৩-৪ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে। এসময় তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। ডাকাতরা আনিছুর রহমানের পুত্রবধূ আরিফা আক্তারের হাত-পা বেঁধে মারধর করলে তিনি অচেতন হয়ে পড়েন। গৃহবধূ আছমা আক্তার ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করলে তারা তাঁর গলায় গামছা পেঁচিয়ে খাটের সঙ্গে বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর ঘর থেকে নগদ সাড়ে তিন লাখ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে ডাকাত দল পালিয়ে যায়।
নিহতের ছেলে নাজমুস সাকিব জানান, ঘটনার রাতে তিনি নৈশ প্রহরীর ডিউটিতে ছিলেন। সকালে বাড়িতে ফিরে তিনি তাঁর মায়ের মরদেহ দেখতে পান। পরে স্ত্রী আরিফাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জ্ঞান ফেরার পর আরিফা আক্তারের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পারেন পরিবারের সদস্যরা।
নিহতের পুত্রবধূ আরিফা আক্তার জানান, ডাকাতেরা তাঁদের চোখের সামনে সবকিছু লুটপাট করে। তাঁদের মারধর করা হয়, একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন।
পিরুজালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নৈশপ্রহরীর বাড়িতে ডাকাতির সময় বাধা দেওয়ায় এক নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে শুনেছি।
জয়দেবপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কর জানান, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এটি কেবল ডাকাতি নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য