![]()
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর | ৬ মে, ২০২৬
আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ড. মুহাম্মদ হাফিজুর রহমানকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে দলটির পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থীদের নামও প্রকাশ করা হয়েছে।
বুধবার (৬ মে) সন্ধ্যায় টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
প্রার্থীর পরিচিতি ও প্রেক্ষাপট
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমে গাজীপুর-৬ আসন নির্ধারণ করে গেজেট প্রকাশের পর জামায়াতে ইসলামী এই আসনে ড. মুহাম্মদ হাফিজুর রহমানকে মনোনীত করেছিল। তবে পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশে আসনটি বাতিল হলে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। এবার তাকে সিটি নির্বাচনে নগরপিতা হিসেবে লড়াইয়ের সুযোগ দিল দল।
সমাবেশের মূল বক্তব্য
গাজীপুর মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিয়া গোলাম পরওয়ার সিটি নির্বাচনে দলের প্রার্থীর নাম ঘোষণা করলেন।
এসময় তিনি তার বক্তব্যে বলেন, জুলাই বিপ্লবের চেতনা ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি বৈষম্যহীন সমাজ গড়তে চাই। সেই লক্ষ্যেই গাজীপুর সিটি নির্বাচনে আমরা যোগ্য নেতৃত্ব উপহার দিচ্ছি।
মনোনয়ন পাওয়ার পর ড. মুহাম্মদ হাফিজুর রহমান তার প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, আমরা গাজীপুরকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। নগরবাসীর সেবা করার সুযোগ পেলে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে এই সিটির চিত্র বদলে দেওয়া হবে।
আমন্ত্রিত অতিথিবৃন্দ
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল উত্তর পরিচালক মুহাম্মদ আব্দুর রব, গাজীপুর-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী। এছাড়াও সমাবেশে গাজীপুর মহানগর জামায়াত এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষস্থানীয় দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও জনসমর্থনের চিত্র তুলে ধরে আসন্ন সিটি নির্বাচনে জয়ের আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য