![]()
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর। ২৯ মে, ২০২৬:
গাজীপুর মহানগরীর সদর থানা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এক বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও দুটি প্রাইভেটকারসহ মাহবুব হাসান বাদশা (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মাহবুব হাসান বাদশা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা কেওয়া পশ্চিমখণ্ড এলাকার আলম মিয়ার ছেলে।
গত বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদের দিন রাত সাড়ে ১০টার দিকে সদর থানাধীন ভাওরাইদ চৌরাস্তা থেকে পোড়াবাড়ী র্যা ব-১ ক্যাম্পমুখী সড়কের মুখে চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়।
শুক্রবার (২৯ মে) বিকেলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ বিভাগ) মো: রবিউল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঈদের দিন রাতে জিএমপি সদর জোনের সহকারী পুলিশ কমিশনার দীন-এ-আলম ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলামের দিক নির্দেশনায় এএসআই উত্তম কুমার সরকার ও তাঁর সঙ্গীয় ফোর্স ভাওরাইদ এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২১-৫০৭২) এবং একটি সিলভার রঙের প্রোবক্স কারকে (ঢাকা মেট্রো-গ ২১-৪৪২৭) থামানোর চেষ্টা করলে ভেতরে থাকা অস্ত্রধারীরা পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের আটকাতে ফাঁকা গুলি ছুড়লে তারা গাড়ি রেখে পাশের জঙ্গলে ঢুকে পড়ে। পরে জঙ্গলে সাঁড়াশি অভিযান চালিয়ে মাহবুব হাসান বাদশাকে আটক করা হয়। তবে তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
আটকের পর আসামির কাছ থেকে লোহার তৈরি দুটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড তাজা গুলি, ১টি গুলির খোসা এবং ১টি আইফোন-১৭ প্রো-ম্যাক্স উদ্ধার করা হয়। এ ছাড়া অস্ত্র বহনে ব্যবহৃত গাড়ি দুটিও জব্দ করে পুলিশ।
![]()
গাজীপুর মহানগর পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, দর থানাধীন ভাওরাইদ চৌরাস্তা থেকে পূর্ব দিকে প্রায় ২০০ মিটার দূরে পোড়াবাড়ী র্যা ব ক্যাম্পগামী সড়কে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি এবং দুইটি প্রাইভেটকার উদ্ধার করা হয।
তিনি আরো জানান, অস্ত্র উদ্ধারের এই ঘটনায় গ্রেফতারকৃত মাহবুব ও পলাতক অন্যান্য আসামিদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করার পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য