শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩

সেকশন

 

শব্দদূষণ রোধে গাজীপুরে ‘সাইলেন্ট ড্রাইভিং’ উদ্যোগ: অনাকাঙ্ক্ষিত হর্ন না বাজানোর অঙ্গীকার বাইকারদের

গণবাণী ডট কম
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩১:৩৭ | পঠিত: ২১৭

---

প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী শব্দদূষণ মুক্ত গাজীপুর গড়তে মোটরসাইকেল চালকদের ‘সাইলেন্ট ড্রাইভিং’ বা হর্নমুক্ত যান চলাচলের উদ্বুদ্ধকরণে এক ব্যতিক্রমী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করে জরুরি প্রয়োজন ছাড়া কখনোই হর্ন না বাজানোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় বাইকাররা।

বুধবার সকালে গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের ‘ভাওয়াল সম্মেলন কক্ষে’ গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভার শুরুতে হর্ন না বাজিয়ে নিরাপদে গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা ও সুফল তুলে ধরেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া। জেলাকে হর্নমুক্ত রাখার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, “হর্নের অযাচিত শব্দ এক ধরনের নীরব অত্যাচার, যাকে শব্দসন্ত্রাস বললেও ভুল হবে না। নিজেদের বিরক্তি প্রকাশ করতে গিয়ে অন্যকে বিরক্ত করার অধিকার কারও নেই। একজন সুনাগরিক হিসেবে নিজের অধিকার প্রয়োগের সময় অন্যের অধিকার ক্ষুণ্ণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অপ্রয়োজনে হর্ন বাজানো থেকে বিরত থেকে আমরা সমাজে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে পারি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গাজীপুরের নবাগত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, “শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সড়কে অনাকাঙ্ক্ষিত উত্তেজনা ও মানসিক চাপ কমাতে এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। এটি সামাজিক পরিবেশ উন্নত করতে কার্যকর ভূমিকা রাখবে।”

---

মুক্ত আলোচনায় গণমাধ্যম প্রতিনিধিরা মোটরসাইকেলের বিকট শব্দ রোধে ট্রাফিক আইনের কঠোর প্রয়োগের দাবি জানান। পাশাপাশি থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশা থেকে সকল প্রকার হর্ন অপসারণ করে সনাতন বেল পুনরায় চালুর পরামর্শ দেন। সভায় অংশগ্রহণকারী বাইকাররাও স্বতঃস্ফূর্তভাবে ট্রাফিক আইন মেনে চলা এবং অপ্রয়োজনে হর্ন না বাজানোর প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নাজির, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশফাকুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আমিনুল ইসলামসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বাইকারদের সমাজের বিপুলসংখ্যক প্রতিনিধি।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শতাধিক বাইকারের অংশগ্রহণে একটি সুশৃঙ্খল ‘সাইলেন্ট ড্রাইভিং’ মোটোর শোভাযাত্রা বের করা হয়। ‘সাইলেন্ট ড্রাইভিং’ লেখা টি-শার্ট পরিহিত বাইকাররা সাদা পতাকা উড়িয়ে শোভাযাত্রা নিয়ে জয়দেবপুর-শিববাড়ী-রাজবাড়ী সড়কের হানকাটা ব্রিজ এলাকা ঘুরে আসেন। হর্ন ছাড়া বাইকারদের এই সুশৃঙ্খল শোভাযাত্রা পুরো নগরবাসীর নজর কাড়ে।

 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি • গাজীপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস’ পালিত: স্মার্ট সাদা ছড়ি বিতরণ • গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে: ২১ ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় রক্ষা, চলছে ডাম্পিং • সামাজিক সুরক্ষা কর্মসূচি: গাজীপুরে ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহ শুরু • আইইউটির ৩৮তম সমাবর্তন অনুষ্ঠিত: ডিগ্রি পেলেন ১৬ দেশের ৬৫৯ গ্র্যাজুয়েট • দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীদের স্বস্তি: মাওনা উড়াল সেতুর নিচ থেকে সরলো দীর্ঘদিনের স্তূপকৃত আবর্জনা • শ্রীপুরে বিকাশ এজেন্টের প্রাইভেটকারে গুলি ও চাপাতির কোপ: ৩ কোটি টাকা ছিনতাই, গুলিবিদ্ধসহ আহত ৩ • জিএমপিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: ‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি’ পেল পুলিশ সদস্যদের সন্তানরা • ‘পিচ্চি রাজাকে’ প্রিজন ভ্যান থেকে নামিয়ে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর • টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, মাঠে মিলল মরদেহ