শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩

সেকশন

 

৫ বছরের প্রেম, অতঃপর নৃসংশতা: গাজীপুরে সুটকেসে নারীর দ্বিখণ্ডিত লাশ উদ্ধারের নেপথ্যে প্রেমিক ও মা

গণবাণী ডট কম
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৩:৫১ | পঠিত: ২১১

---

গাজীপুরের সদর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ডোবার পানিতে সুটকেস ও প্লাস্টিকের বস্তায় ভাসমান এক নারীর দ্বিখণ্ডিত ও অর্ধগলিত মরদেহ উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), গাজীপুর জেলা। তদন্তে বেরিয়ে এসেছে, পাঁচ বছরের প্রেমের সম্পর্ক, বিয়ে নিয়ে বিরোধ এবং জমে থাকা ক্ষোভের জেরে প্রেমিক, তার মা ও বন্ধুর সহায়তায় প্রেমিকা ডলি আক্তারকে (৩০) শ্বাসরোধে হত্যা করে বটি ও ব্লেড দিয়ে কোমর থেকে দ্বিখণ্ডিত করে গুম করেন।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রেমিক মিশন ইসলাম, তার মা বানু আক্তার (৪৩) এবং সহযোগী মিজানুর রহমান মিল্টন (২৪) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত তিনজনই বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) গাজীপুর মহানগরীর রাজদীঘির উত্তর পাড়ে পিবিআই গাজীপুর জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্যাদি নিশ্চিত করেন পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার।

নিহত ডলি আক্তার ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার পাহাড়পাবিজান গ্রামের বাদশা মিয়ার মেয়ে। স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি সদর উপজেলার জয়দেবপুর থানার বানিয়ারচালা মেম্বারবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে বাঘের বাজার এলাকার ‘গোল্ডেন রিপিট গার্মেন্টসে’ সুইং অপারেটর হিসেবে চাকরি করতেন। একই গার্মেন্টসে চাকরির সুবাদে বগুড়ার শিবগঞ্জ থানার মাসকুর আলমের ছেলে মিশন ইসলামের সঙ্গে তার পরিচয় ও দীর্ঘ পাঁচ বছরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

পিবিআই জানায়, গত ৮ সেপ্টেম্বর রাতে ডলি গাজীপুর মহানগরীর বাহাদুরপুর তুলসীভিটা এলাকায় মিশনের ভাড়া বাসায় যান। সেখানে রাতের খাবার খাওয়ার পর মিশন ও ডলি একই কক্ষে অবস্থান করেন। একপর্যায়ে মিশন ইসলাম বিয়েসহ পূর্বের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ও কাটাকাটির জেরে ডলিকে হত্যার সিদ্ধান্ত নেয়।

পরিকল্পনা অনুযায়ী ডলিকে ঘুমের ও অ্যালার্জির ওষুধ খাওয়ানো হয়। ডলি ঘুমিয়ে পড়লে রাত আনুমানিক ২টার দিকে মিশন তার লুঙ্গি গলায় পেঁচিয়ে এবং বালিশ দিয়ে মুখ চেপে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহটি ঘরের চৌকির নিচে লুকিয়ে রাখে।

---

পরদিন সকালে ঘর পরিষ্কার করার সময় মিশনের মা বানু আক্তার চৌকির নিচে ডলির লাশ দেখতে পান এবং পরে লাশ গুমের পরিকল্পনায় অংশ নেন। মা-ছেলে মিলে বাজার থেকে একটি সুটকেস কিনে আনলেও পুরো মরদেহ তাতে না ধরায় বটি দা ও ব্লেড দিয়ে কোমর থেকে লাশ দ্বিখণ্ডিত করা হয়। লাশের একাংশ সুটকেসে এবং অপরাংশ পলিথিনে মুড়িয়ে প্লাস্টিকের বস্তায় রাখা হয়।

এরপর বাসা পরিবর্তনের কথা বলে বন্ধু মিজানুর রহমান মিল্টনকে ডেকে এনে অটোরিকশা ও সিএনজিযোগে ভবানীপুর ব্রিজ এলাকায় গিয়ে খালের পানিতে সুটকেস ও বস্তা ফেলে দেওয়া হয়। এ সময় মিল্টনের হাতে রক্ত লাগলে সে ঘটনা জানতে চায় এবং মিশন ডলির লাশ থাকার কথা স্বীকার করে।

গত ১১ সেপ্টেম্বর বিকেলে মহাসড়কের পাশে খালের পানিতে ভেসে থাকা সুটকেস ও বস্তা দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে অজ্ঞাত নারীর দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। ১২ সেপ্টেম্বর নিহতের বড় ভাই সোহেল বাদী হয়ে জয়দেবপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করলে পিবিআই স্বতঃপ্রণোদিত হয়ে ছায়া তদন্ত শুরু করে।

পরে তথ্যপ্রযুক্তি, ক্রাইমসিন বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের সহায়তায় নিহতের পরিচয় নিশ্চিত হয়ে ১২ সেপ্টেম্বর বিকেলে বাহাদুরপুর তুলসীভিটা এলাকা থেকে পৃথক অভিযানে মিশন, তার মা বানু আক্তার ও মিল্টনকে গ্রেপ্তার করা হয়। আসামিদের দেয়া তথ্যে মিশনের বাসা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি দা, স্কচটেপের অবশিষ্টাংশ, নিহতের জাতীয় পরিচয়পত্র, ব্যবহৃত মোবাইল ফোন ও এক জোড়া জুতা উদ্ধার করা হয়েছে।

পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার বলেন, অর্ধগলিত থাকায় প্রথমে মৃতার পরিচয় শনাক্ত করা কঠিন ছিল। তবে পিবিআইয়ের প্রযুক্তিগত বিশ্লেষণ ও নিবিড় অনুসন্ধানে দ্রুত রহস্য উন্মোচন ও আসামিদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

তিনি আরো জানান, গ্রেপ্তার তিন আসামিই বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং ঘটনার সাথে অন্য কারো সম্পৃক্ততা আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি • গাজীপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস’ পালিত: স্মার্ট সাদা ছড়ি বিতরণ • গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে: ২১ ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় রক্ষা, চলছে ডাম্পিং • সামাজিক সুরক্ষা কর্মসূচি: গাজীপুরে ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহ শুরু • আইইউটির ৩৮তম সমাবর্তন অনুষ্ঠিত: ডিগ্রি পেলেন ১৬ দেশের ৬৫৯ গ্র্যাজুয়েট • দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীদের স্বস্তি: মাওনা উড়াল সেতুর নিচ থেকে সরলো দীর্ঘদিনের স্তূপকৃত আবর্জনা • শ্রীপুরে বিকাশ এজেন্টের প্রাইভেটকারে গুলি ও চাপাতির কোপ: ৩ কোটি টাকা ছিনতাই, গুলিবিদ্ধসহ আহত ৩ • জিএমপিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: ‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি’ পেল পুলিশ সদস্যদের সন্তানরা • ‘পিচ্চি রাজাকে’ প্রিজন ভ্যান থেকে নামিয়ে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর • টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, মাঠে মিলল মরদেহ